ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'র সদ্য প্রকাশিত একটি বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, তিনি এই বছরই (২০২৬) বাংলাদেশে ফিরবেন। প্রায় দুই বছর ভারতে নির্বাসিত থাকার পর ভারতীয় গণমাধ্যম NDTV-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে দাবি করে শেখ হাসিনা বলেন, তাদের উপর যেকোনো আক্রমণ বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, সকল বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে চলতি ২০২৬ সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। একইসাথে তিনি দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক তাঁকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে "অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত" বলে আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, তিনি মৃত্যুকে ভয় পান না। শেখ হাসিনা হুঙ্কার দিয়ে বলেন, আওয়ামী লীগ কোনো কাগজি সংগঠন নয় এবং জনগণের সমর্থনে এটি আবার ঘুরে দাঁড়াবে। তিনি দাবি করেন, তার এই প্রত্যাবর্তন ব্যক্তিগত ক্ষমতার জন্য নয়, বরং দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার করার জন্য।

২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। সম্প্রতি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিএনপি নেতা তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং ঢাকা ইতিমধ্যেই ভারতের কাছে তাঁর হস্তান্তরের (extradition) দাবি জানিয়ে আসছে।

অবশ্য শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা এবং আস্ফালন আজ নতুন নয়। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে তিনি এ ধরনের ঘোষণা দিয়ে আসছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি ‘শিগগিরই’ দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। মাসখানেক আগেও তিনি এ ধরনের আস্ফালন দেখিয়েছিলেন। বিশ্লেষকদের কেউ এটিকে রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হিসাবে দেখছেন। আবার কেউ মনে করছেন, এটি একটি রাজনৈতিক অবস্থান বা কৌশলগত বার্তা। যার মধ্য দিয়ে তিনি মূলত তার দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে চান। প্রকৃতপক্ষে শেখ হাসিনার দেশে ফিরে এসে সক্রিয়ভাবে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার বাস্তব কোনো সম্ভাবনা আপাতত নেই।