উচ্চফলনশীল ধানের জাত ও আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটকে (ব্রি) ‘ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ হিসেবে সম্মাননা প্রদান করেছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে গত ৫ জুলাই রাজধানীর একটি হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ব্রির পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, দেশের শীর্ষ ব্যবসায়ী, নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ব্রি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ পর্যন্ত ব্রি ১০টি হাইব্রিডসহ মোট ১২৭টি উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। এসব জাতের মধ্যে অনেকগুলোই লবণাক্ততা, খরা, বন্যা ও জলাবদ্ধতার মতো প্রতিকূল পরিবেশ সহনশীল এবং উন্নত পুষ্টিগুণসম্পন্ন। ফলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধিতেও এসব উদ্ভাবনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ব্র্যাক ব্যাংকের এ সম্মাননা দেশের কৃষি গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ব্রির দীর্ঘদিনের অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।