জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় বিস্ফোরণে ভারতীয় সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) রয়েছেন। মঙ্গলবার সকালে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এলওসি বরাবর নিয়মিত টহল দেওয়ার সময় সেনাসদস্যদের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটে। এতে চারজন সেনা আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে বিমানযোগে উধমপুরের সেনাবাহিনীর কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়।
গত এক সপ্তাহে এলওসি এলাকায় এটি তৃতীয় বিস্ফোরণের ঘটনা। এর আগে দুটি পৃথক বিস্ফোরণে দুই সেনা নিহত এবং আরও ছয়জন আহত হয়েছিলেন।
সর্বশেষ বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে ভারতীয় সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া তিনটি বিস্ফোরণই দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
এর আগে গত ৯ জুন উরি সেক্টরের কামালকোট এলাকায় একটি গ্রেনেড বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত হন। নিহতরা হলেন সওয়ার চাভান বিক্রম বালকৃষ্ণ এবং স্যাপার যাদব অর্জুন রাজেন্দ্র। এছাড়া ১২ জুন পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় আরেকটি বিস্ফোরণে আহত হন দুই সেনা সদস্য।
এদিকে, গত রোববার পুঞ্চ জেলার মেন্ধার সেক্টরের বালাকোট এলাকায় গোলাগুলির খবরও পাওয়া গেছে। যদিও এ ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তবে ভারতীয় সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
অন্যদিকে, রাজৌরি জেলায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের খুঁজে বের করতে পরিচালিত ‘অপারেশন শেরাওয়ালি’ টানা তিন সপ্তাহ ধরে চলমান রয়েছে।