বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক ও অপচয় বন্ধে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করার আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
আজ সোমবার (২২ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমাদের এ বাংলাদেশে বিয়ে অনুষ্ঠানের নামে বিত্ত-বৈভবের যে অশ্লীল প্রদর্শনী, এটাকে বন্ধ করতে হবে। সাত দিন, আট দিন, দশ দিন, এক মাস আগে থেকে কোরিওগ্রাফার দিয়ে নৃত্য করে এই গায়ে হলুদ অনুষ্ঠানে। এটা ধর্মের সাথে সাংঘর্ষিক বলেন শাহাদাত হোসেন। এ সময় বিয়ের অতিরিক্ত খরচ বন্ধ করার আহ্বান জানিয়ে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করার দাবি জানান তিনি।
শাহাদাত হোসেন বলেন, ‘এটাকে বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল এই আইনটাকে কার্যকর করতে হবে। আপনি দেখবেন মাননীয় স্পিকার যদি অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। একদিনে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত ১০ পারসেন্ট কমে আসবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত মিতব্যয়ী, অপচয় পছন্দ করেন না বলেও উল্লেখ করে তিনি বলেন, তিনি অপচয় পছন্দ করেন না। আমরা সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে যখন তার কাছে (লন্ডন) যেতাম, তিনি একটি রং চা খাওয়াতেন। কখনো একটি চিপস তিন-চারজন ভাগ করে খেতাম। এখন দেখছি তার খাদ্য বাজেট মাত্র ১৫০ টাকা। এটা অবশ্যই গ্রহণযোগ্য, কারণ অপচয়কারী শয়তানের ভাই।