বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফুটবল বিশ্বকাপ, ছাত্ররাজনীতি এবং ঐতিহাসিক ব্যক্তিত্বের প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন। তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

রবিবার (২০ জুলাই) মধ্যরাতে ফাইনাল ম্যাচ চলাকালে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘খেলার মধ্যে হার-জিত থাকবেই। তাই বলে কি ভাই, হাত দিয়েই গোল দেওয়া লাগে? আবার সেটা ঈশ্বরের হাত বলে দায় চাপিয়ে দেন। যেভাবে করে নিষ্পাপ ছাত্রদল ভাইয়েরা শিবিরের ওপর দায় দিয়ে দেয়।’

এরপর তিনি বিশ্বকাপে বড় ব্যবধানে হারের প্রসঙ্গ টেনে লেখেন, ‘একটা ম্যাচে সর্বোচ্চ কয়টা গোল খাওয়া লাগে? গোল তো খেলায় হতেই পারে, তাই বলে কি সাতটা গোল খাওয়া লাগে? যাইহোক সাত বালতি সমবেদনা।’

পোস্টের শেষাংশে জাহিদুল ইসলাম লেখেন, ‘আপনারা জানেন তারিক বিন জিহাদ আমাদের প্রেরণা। আমরা তার দলের লোক। তাই আমরা বিশ্বকাপ নয়, পুরো পৃথিবী জয়ের স্বপ্ন দেখি।’ একই সঙ্গে তিনি আল্লামা মুহাম্মদ ইকবালের একটি উর্দু পঙ্‌ক্তিও উদ্ধৃত করেন—‘সারা জাহা হামারা’।

তার এই পোস্টে ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গের পাশাপাশি ছাত্ররাজনীতি এবং আদর্শিক বক্তব্য উঠে এসেছে। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।