বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ রোববার (১৯ জুলাই) তুরস্ক সরকারের আমন্ত্রণে ৫ দিনের এক সরকারি সফরে দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন সেনাবাহিনী প্রধান। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে সেনাপ্রধানের আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে।