জাতীয় সংসদে হিজাব-নিকাব পরিহিতা নারীদের উদ্দেশ্য করে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দেওয়া অবমাননাকর ও আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে এই বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ রোববার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, মহান জাতীয় সংসদ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, মূল্যবোধ এবং সাংবিধানিক অধিকারের প্রতিফলন। এমন একটি মর্যাদাপূর্ণ স্থান থেকে কোনো নাগরিকের ধর্মীয় পরিচয়, পোশাক বা জীবনাচারকে বিদ্রূপ, সন্দেহ বা নেতিবাচক ইঙ্গিতের মাধ্যমে উপস্থাপন করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্মীয় স্বাধীনতা ও নিজস্ব বিশ্বাস অনুযায়ী জীবনযাপনের অধিকার দিয়েছে। হিজাব বা নিকাব পরিধান লক্ষ লক্ষ মুসলিম নারীর ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত পছন্দের অংশ। এই অধিকারকে প্রশ্নবিদ্ধ বা উপহাস করা শুধু নারীদের অনুভূতিতেই আঘাত করে না, বরং সমাজে বিভাজন ও পারস্পরিক অবিশ্বাসের পরিবেশ তৈরি করে। কোনো নারীকে তার ধর্মীয় পোশাকের কারণে সন্দেহের চোখে দেখা বা বিদ্রূপ করা সভ্য ও গণতান্ত্রিক সমাজের চেতনার পরিপন্থী।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে তার বক্তব্য প্রত্যাহার করে নারীদের ধর্মীয় অনুভূতি ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়। পাশাপাশি, ভবিষ্যতে সংসদে যেন কোনো নাগরিকের ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করার সুযোগ না থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় সংসদের স্পিকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে সংগঠনটি।