কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত আলোচিত জোড়া হত্যা মামলার মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) দায়ের হওয়া খোকসা থানার মামলা নং-০৫/৫৩-এর এজাহারভুক্ত ২৪ জন আসামির মধ্যে অভিযান চালিয়ে মূল আসামি মোঃ মিন্টু শেখ লাড্ডু (৪৫) ও তৃতীয় আসামি মোঃ নূর আমিন শেখ (৩২)-কে গ্রেপ্তার করা হয়।

শনিবার রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেনের নেতৃত্বে ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হিজলাবট গ্রামের মৃত জলিল শেখের ছেলে মোঃ মিন্টু শেখ লাড্ডু (৪৫) এবং দেবীনগর গ্রামের মোঃ আনসার শেখের ছেলে মোঃ নূর আমিন শেখ (৩২)-কে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, মামলাটি দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৪/৩২৬/৩০২/৩০৭/১১৪/৩৪ ধারায় দায়ের করা হয়েছে। মামলায় মোট ২৪ জন নামীয় আসামির পাশাপাশি আরও ৪-৫ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে।

গ্রেপ্তারের পর আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে রোববার (১৯ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিটে তাদের কুষ্টিয়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।