নাটোরে সদর উপজেলার পার আটঘরিয়া ঔষুধি গ্রাম থেকে ভেজাল ঔষুধ ও ঔষুধ তৈরীর সরঞ্জামাদিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ রোববার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শরীফুল হক।
পুলিশ সুপার জানান, নাটোর সদর উপজেলার ঔষুধি গ্রাম খ্যাত পার আটঘরিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে খোকন মিয়ার বাড়িতে ৪০ প্রকার যৌন উত্তেজকসহ বিভিন্ন রোগের অনুমোদনহীন ভেজাল ঔষুধ এসকে নিউট্রিশন এবং অর্গানিক বায়ো কেয়ার সলিউশন নামে দু’টি ফেসবুক পেজের মাধ্যমে প্রচারণা এবং ঔষুধ বিক্রি করেন। এই অনলাইন পেজ দুটির মাধ্যমে তারা দেশের বিভিন্ন এলাকায় ঔষধ বিক্রি করে বছরে আশি থেকে নব্বই লাখ টাকা আয় করত।
গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে অভিযান চালিয়ে অভিযুক্ত খোকন মিয়া (২৮) এবং তার সহযোগী একই এলাকার খবির হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২৮) এবং আওরাইল দক্ষিণপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২৪) কে গ্রেফতার করা হয়।
এসময় ক্যাপসুল তৈরীর একাধিক মেশিন, বিভিন্ন ডায়ার মেশিন, কমপ্রেশার ও প্যাকেজিং মেশিনসহ বিভিন্ন উৎপাদন সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া উৎপাদিত প্রায় ২৫০ কেজি ক্যাপসুল ও কাঁচামাল, বিভিন্ন কৌটা ও টিউবে বিপুল সংখ্যক ক্রিম ও ঔষুধ এবং প্যাকেজিং সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরো জানান, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১০-১২ লাখ টাকা। ব্যবসায়ীরা প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন ক্রেতার কাছে উৎপাদিত ভেজাল ঔষুধ বিক্রি করে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উদয় কুমাে সাহা, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।