গাইবান্ধার পলাশবাড়ীতে কদম গাছে পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে শামিম (৩০) নামের এক যুবক গাছের ওপর অজ্ঞান হয়ে আটকা পড়েন। পরবর্তীতে খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে নিচে নামিয়ে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পৌরশহরের বৈরিহরিনমারী এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শামিম মিয়া ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে নিজ সমর্থিত দল পর্তুগালের পতাকা টানানোর জন্য কদম গাছে ওঠেন শামিম। এ সময় হঠাৎ গাছের উপরেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। বিষয়টি টের পেয়ে দ্রুত পলাশবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।
পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞান অবস্থায় থাকা শামিমকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। পরে শামিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ লোকমান হাকিম বলেন, পতাকা টানাতে এক যুবক জ্ঞান হারিয়ে আটকে আছে এমন খবরে আমরা ঘটনাস্থলে যাই। পরে একটি কদম গাছ থেকে ওই যুবককে নিরাপদে নিচে নামিয়ে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি সকলকে নিরাপত্তা নিশ্চিত করে পতাকা টানানোর আহ্বান জানান।