গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে গাজীপুরের শ্রীপুরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ১১ দলীয় ঐক্য জোটের শ্রীপুর উপজেলা ও পৌরসভার উদ্যোগে শ্রীপুর চৌরাস্তা থেকে গণমিছিলটি শুরু হয়ে রেলস্টেশন এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের সেক্রেটারি মো. আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর করার পরিবর্তে নানা ধরনের পায়তারা করছে। দেশের মানুষ গণভোটের মাধ্যমে যে প্রত্যাশা ব্যক্ত করেছে, তা আর উপেক্ষা করার সুযোগ নেই। জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।"

তিনি আরও বলেন, "গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।

বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না। জনগণ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চায়। সেই লক্ষ্য অর্জনে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

তিনি অভিযোগ করে বলেন, "জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

দেশের মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।" সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ এবং পিয়ার আলী কলেজের সহকারী অধ্যাপক ও শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ড. মো. হারুন অর রশিদ মোল্লা।