জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভার ব্রিজের নিচে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা। তাই শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর নিয়ামত উল্লাহ শাকেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ এইচ এম আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ এইচ এম আব্দুল হালিম বলেন, জুলাইয়ের চেতনা শুধু স্মরণ করার বিষয় নয়, বরং তা বাস্তবায়নের জন্য সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তিনি বলেন, সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলে সকল রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়েই নতুন সংস্কার কমিশন গঠন করতে হবে।

তিনি বলেন, 'আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে বিদায় করেছি। আমরা সংঘাত নয়, জাতীয় ঐক্য চাই এবং বর্তমান সরকারকে গঠনমূলক সহযোগিতা করতে চাই।'

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'বড় বড় কথা না বলে জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন। জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। শহীদদের আত্মত্যাগের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে আন্তরিক হতে হবে।'

তিনি আরও বলেন, 'আমরাই শহীদের মাকে সংসদ সদস্য করেছি। এর বিনিময়ে আমাদের এক কাপ চাও খাওয়াতে হয়নি। এটি আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা ও শহীদ পরিবারের প্রতি সম্মানের বহিঃপ্রকাশ।' তিনি দেশ পরিচালনায় পারস্পরিক সহযোগিতা, রাজনৈতিক সহনশীলতা এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ আব্দুর রব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের স্বপ্ন বাস্তবায়নে ন্যায়ভিত্তিক রাষ্ট্র, সুশাসন এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আ.স.ম. ফারুক, গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর নজরুল ইসলাম, গাছা থানা জামায়াতের আমীর মোহাম্মদ নিয়াজ উদ্দিন এবং সদর মেট্রো থানা জামায়াতের আমীর ছাদেকুজ্জামান খান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীন বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ন্যায়, ইনসাফ, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের দায়িত্বশীল, আলেম-ওলামা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।