হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার ৭টি নিবন্ধিত ও অনিবন্ধিত ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রামের ফটিকছড়িস্থ জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
হেফাজত আমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এবং সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত কওমি ঘরানার ৭টি ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ আগামী দিনে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে নীতিগতভাবে একমত ও ঐক্যবদ্ধ পোষণ করেন।
বৈঠকে অংশ নেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী ও মাওলানা আইয়ুব বাবুনগরী।
অন্যান্য ইসলামী দলের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক ও সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
এছাড়াও বৈঠকে মাওলানা আলী ওসমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি বশিরুল্লাহ, মাওলানা রেজাউল করিম আবরারসহ কেন্দ্রীয় ও স্থানীয় সারির বহু আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখার পাশাপাশি দেশের সাম্প্রতিক দুর্যোগ নিয়েও সভায় আলোকপাত করা হয়। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মারাত্মক ক্ষতির মুখে পড়া পরিবারগুলোর সার্বিক পুনর্বাসনের জোর দাবি জানানো হয়। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ও খাদ্যসামগ্রী হারিয়ে মানবেতর জীবনযাপন করছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, এই মানবিক সংকটে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ঈমানী ও নৈতিক দায়িত্ব।
সভা থেকে আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলামের জেলা ও উপজেলা শাখাগুলোকে অবিলম্বে বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ এবং দুর্গত মানুষের জরুরি পুনর্বাসনে জোরালো পদক্ষেপ নেওয়ার নির্দেশনা ও আহ্বান জানান।